মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপমিছিল-স্লোগানে মুখর পলোগ্রাউন্ড

মিছিল-স্লোগানে মুখর পলোগ্রাউন্ড

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকে কেউ আসছেন দলবেঁধে, কেউ কেউ আবার রাত থেকেই অবস্থান নিয়েছেন মাঠে। দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মহাসমাবেশের আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। এদিন সকাল থেকেই পলোগ্রাউন্ড মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সময়ের সঙ্গে উপস্থিতিও বাড়ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনী জনসভা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জনসভাকে ঘিরে সকাল থেকে মাঠমুখী জনস্রোত দেখা যায়। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা জনসভাস্থলে অবস্থান নেন। আশপাশের সড়কেও নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।

ভোর থেকেই চট্টগ্রাম-কক্সবাজার ও পার্বত্য তিন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পলোগ্রাউন্ডে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে ভিড় আরও বাড়তে থাকে। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষ প্রতীক দেখা যায়।

দলীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হওয়ার পর তারেক রহমান মঞ্চে উঠবেন। এর আগে, সকাল ৯টায় হোটেল রেডিসন ব্লুতে ‘দ্য প্ল্যান’ শিরোনামে ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানে অংশ নেন তিনি।

দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমানের সফরকে ঘিরে নগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে উচ্চমাত্রার উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মাঠ ও নগরের গুরুত্বপূর্ণ স্থান ব্যানার-ফেস্টুন, পোস্টার ও দলীয় স্লোগানে সজ্জিত হয়েছে।

এ জনসভা থেকেই চট্টগ্রাম-কক্সবাজার ও পার্বত্য তিন জেলার বিভিন্ন আসনের দলীয় প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। পাশাপাশি আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বলে আশা করছেন দলীয় জ্যেষ্ঠ নেতারা।

জনসভাকে কেন্দ্র করে নগরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। জনসভাস্থল ও আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

জনসভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সঞ্চালনায় থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এর আগে, দীর্ঘ দুই দশক পর দলের প্রধান হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মাটিতে পা রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান। সেখানেই রাত্রিযাপন করেন তিনি।

দলীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টায় তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ