ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবিলম্বে ইনকিলাব সাংবাদিকদের মুক্তি দেবার আহবান জানিয়েছেন।একই সাথে তিনি গতকাল পুলিশি অভিযানে ৪ সাংবাদিক আটক ও পত্রিকাটির প্রকাশনা বন্ধ করতে সিলগালা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান। শুক্রবার সহ দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এ নিন্দা জানান।
বিবৃতিতে খালেদা বলেন, গণতান্ত্রিক সভ্য সমাজে স্বাধীন মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকারের আমলে জনগণের সকল অধিকার ফ্যাসিবাদী কায়দায় হরণ করা হয়েছে।
এ ছাড়া বেসরকারী টিভি চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়। বিরোধী দল ও মত দমনে এ ধরনের অন্যায় ও ন্যাক্কারজনক কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য কখনোই শুভ নয় বলে মন্তব্য করেন তিনি।
অবিলম্বে ইনকিলাবসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং গ্রেপ্তারকৃত সকল সাংবাদিককে নি:শর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান।




