বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার মৃত্যুতে তাঁর তিন আসনে কী হবে?

খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর তিন আসনে কী হবে?

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নামে মনোনয়ন দেওয়া আসনগুলোতে ভোটগ্রহণ স্থগিত হবে কি না- এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

নির্বাচন আইন অনুযায়ী কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের বিধান থাকলেও, খালেদা জিয়ার ক্ষেত্রে সেই আইন প্রযোজ্য হবে কি না, তা নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান ও আইনি ব্যাখ্যা এখন আলোচনার কেন্দ্রে।

গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্বাচনী নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী সর্বাধিক তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।

একই তিন আসনে খালেদা জিয়ার পাশাপাশি বিকল্প প্রার্থী, যাদের দলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে তারাও মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে- দিনাজপুর-৩ আসনে দলটির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরশেদ আলম মিল্টন ও ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এরই মধ্যে আজ মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে  মারা যান খালেদা জিয়া।

জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি, এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হলেও তিনি বা কেউ এখনো বৈধ প্রার্থী হননি। কারও মনোনয়নপত্র বাছাইয়ে টিকে যাওয়ার পর তিনি বৈধ প্রার্থী বিবেচিত হন। খালেদা জিয়া মারা যাওয়ায় তাঁর মনোনয়ন স্থগিত থাকবে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যুর ক্ষেত্রে তপশিল পুনঃঘোষণা করা হয়। তবে খালেদা জিয়ার ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রযোজ্য নয়।

তিনি বলেন, কোনো আসনে কোনো দল একাধিক প্রার্থীর মনোনয়ন দিতে পারে। তবে একাধিক প্রার্থী থাকলে শেষ পর্যন্ত (প্রতীক বরাদ্দের আগে) যার নামে দল থেকে প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয়, তিনিই দলীয় প্রার্থী হন।

ইসি মাছউদ আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে নির্বাচনের তপশিলে পরিবর্তন আনার কোনো সুযোগ বা প্রয়োজন নেই।

আরও পড়ুন

সর্বশেষ