শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদখেলার সময়মোহামেডানের প্রথম জয়

মোহামেডানের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা টিম বিজেএমসিকে ০-২ গোলে হারিয়েছে। দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারা ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ গোলশূন্য ড্র হয়।

মোহামেডানের প্রথম ‍সুযোগ হাতছাড়া হয় ১৮ মিনিটে। মিশরের মিডফিল্ডার মোস্তফা সিদ্দিক ২০ গজ দূর থেকে গোলমুখে শট নিয়েছিলেন, কিন্তু বিজেএমসি গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল বাঁদিকে ‍ঝুকে প্রতিহত করেন। ২৭ মিনিটে একইভাবে তার গোলব্যর্থ করে দেন হিমেল।

এক মিনিট পরই সাদাকালো জার্সিধারীরা গোলমুখ খোলেন। বাঁপ্রান্ত থেকে জাহিদ হোসেনের ক্রস থেকে প্রথম গোলটি করেন ওয়াহিদ। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে গিয়েও পারেননি এই ফরোয়ার্ড। ৪৪ মিনিটে জাহিদ হোসেনের শট বারের পাশ দিয়ে চলে যায়।

বিরতি থেকে ফিরে আক্রমণাত্মক খেলতে শুরু করে বিজেএমসি। সমতা ফেরাতে গিয়েও ব্যর্থ হয়েছেন ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব। ৫২ মিনিটে আবারও মোহামেডানের সুযোগ। এবারও হিমেলের কাছে ব্যর্থ মোস্তফা সিদ্দিক।

অবশেষে ৮২ মিনিটে বক্স থেকে নেওয়া শটে হিমেলকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ। দুই ম্যাচ ড্রয়ের পর জয় নিশ্চিত হয় তাদের। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট মোহামেডানের। সমান খেলে তিন পয়েন্ট বিজেএমসির।

মোহামেডানের নতুন কোচ পর্তুগিজ রুই ক্যাপেলা বাতিস্তা বলেন,‘এক সপ্তাহর মতো হলো দল হাতে পেয়েছি। সময় গেলে আরও উন্নতি হবে দলের মধ্যে। পজিশনিং, পাসিং ভালো হয়েছে। তবে ফিনিশিংয়ে সমস্যা হয়েছে। দলের অনেক সুযোগ ছিল, ওগুলো কাজে লাগানোর দরকার ছিল।’

এদিকে চট্টগ্রাম আবাহনী ড্র করে প্রথম এক পয়েন্ট পেতে সফল হলো। তিন ম্যাচে দুটি ড্রয়ে বারিধারার অর্জন দুই পয়েণ্ট।

আরও পড়ুন

সর্বশেষ