জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে মোট ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এতে বলা হয়, একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এসব প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থা ও প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বাড়ানো হয়েছে ৩টি প্রকল্পের।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ পররাষ্ট্র, খাদ্য ও ভূমি, সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক, স্বরাষ্ট্র, কৃষি, শিল্প, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, পানি সম্পদ এবং ধর্মবিষয়ক উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন, দিনাজপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও কালভার্ট পুনর্নির্মাণ এবং ঢাকা থেকে সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে।স্থানীয় সরকার বিভাগের পাঁচটি প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা ওয়াসার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন, সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহ, জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন, পটুয়াখালী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্প।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে মোংলা নৌঘাঁটির অবকাঠামো উন্নয়ন এবং সাভারে সেনাবাহিনীর ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প অনুমোদন পায়।বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশের একমাত্র তেল পরিশোধনাগার আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প অনুমোদিত হয়েছে।




