বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছাড়ল বিএনপি

জমিয়তে উলামায়ে ইসলামকে ৪ আসন ছাড়ল বিএনপি

বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটিকে চারটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব জানান, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মির্জা ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে যারা নির্বাচন করবেন, তার মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকরা আছেন এবং যুগপৎ আন্দোলনের বাইরে যে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘ ১৬-১৭ বছর যাদের ত্যাগ, রক্ত এবং প্রতিবাদ আমরা প্রত্যক্ষ করেছি, তার মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ অন্যতম। তাদের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে।

তিনি আরও বলেন, যাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, তাদের আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না।এবং সারা বাংলাদেশের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি। আমরা আগামী দিনের নির্বাচনে সম্মিলিতভাবে সেই বৈতরনী পার হওয়ার জন্য আমাদের আরও যাদের সঙ্গে সমঝোতা হয়েছে, সেটা পরবর্তীতে আপনারা জানবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে আমাদের আলাপ-আলোচনার সময় যেটা আপনারা জানতে পেরেছেন, আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব যেটা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভূক্ত করেছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক আজিজ, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাশেমী, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

আরও পড়ুন

সর্বশেষ