মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান

এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকায় পৌঁছেছেন পুত্রবধূ ডা.জুবাইদা রহমান। আজ (শুক্রবার) বেলা পৌনে ১১টায় ডা. জুবাইদাকে বহনকারী বিমানের ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বেলা পৌনে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জোবাইদা। সেখান থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যান। বেলা ১১টা ৫৩ মিনিটে তার গাড়ি হাসপাতালের সামনে পৌঁছালে আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।

শাশুড়ি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে ঢাকায় এসেছেন জোবাইদা রহমান। তবে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। সবকিছু ঠিক থাকলে কাতারের ব্যবস্থাপনায় জার্মানির তৈরি একটি বিমান শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তবে তিনি ইনশাআল্লাহ আগামী ৭ ডিসেম্বর রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

১৩ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতা কিছুটা উন্নতি হলেও হৃদ্যন্ত্রের সমস্যা আংশিক কমেছে। অন্য জটিলতাগুলো এখনো বেশির ভাগই অপরিবর্তিত রয়েছে।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসা চলছে।

আরও পড়ুন

সর্বশেষ