দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত হাইকমিশনার শাহ আহমেদ শফি যিনি সমবর্তীভাবে বতসোয়ানায় নিযুক্ত অনাবাসিক হাইকমিশনার বতসোয়ানা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ডুমা গিডিয়ন বোকো-এর নিকট তাঁর পরিচয়পত্র (Letter of Credence) পেশ করেন। পরিচয়পত্র পেশ অনুষ্ঠানের পর হাইকমিশনারের সাথে রাষ্ট্রপতির একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বতসোয়ানার রাষ্ট্রপতি বাংলাদেশে বিভিন্ন উন্নয়নখাতে অর্জিত সাফল্যের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি বতসোয়ানার কৃষি ও পশুপালন খাতের ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে বাংলাদেশের অভিজ্ঞতা ও উত্তম কৃষি চর্চা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছেন।
১৮ নভেম্বর ২০২৫ রাষ্ট্রপতি তাঁর দেশের কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশের কারিগরি সহায়তা গ্রহণ এবং ভবিষ্যতে যৌথ বিনিয়োগ (Joint Venture) প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রপতি বতসোয়ানার বাজারে বাংলাদেশের উচ্চমানের ফার্মাসিউটিক্যাল ও ওষুধ পণ্য আমদানির আগ্রহও ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৭ নভেম্বর ২০২৫ হাইকমিশনার বতসোয়ানার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং টেক্সটাইল ও গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি ও সংশ্লিষ্ট খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ সংক্রান্ত কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
দুটি বৈঠকেই হাইকমিশনার বাংলাদেশ ও বতসোয়ানার কৃষি, খাদ্য নিরাপত্তা, পশুপালন, বস্ত্র ও ওষুধ শিল্পখাতে বিদ্যমান বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি ২০২৬ সালে সুবিধাজনক সময়ে বতসোয়ানার রাষ্ট্রপতিকে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলসহ বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বাংলাদেশ হাইকমিশন বতসোয়ানার সাথে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, ফার্মাসিউটিক্যাল শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।




