ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
টানা হরতাল-অবরোধে বসে থাকা দূরপাল্লার বাসগুলো বুধবার সন্ধ্যা থেকে রাজধানী ছাড়তে শুরু করেছে। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। সন্ধ্যায় তিনি জানান, গাবতলী বাস টার্মিনাল থেকে কুষ্টিয়া, মাগুরা, ফরিদপুর রুটে কিছু বাস ছেড়ে গেছে।
গাবতলী বাস টার্মিনালের কয়েকটি পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন রুটের বাসের বুকিং চলছে। যাত্রী উপস্থিতিও ক্রমেই বাড়ছে।
সোহাগ পরিবহনের গাবতলী শাখার ম্যানেজার সোলাইমান হোসেন বলেন, যেহেতু সন্ধ্যার পর আর হরতাল নাই তাই আমরা বাস ছাড়ার সিন্ধান্ত নিয়েছি। আমাদের ৭টার গাড়ির টিকেট বুকিং চলছে। কাঙ্খিত যাত্রী হলেই বাস ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, বিরোধী দলের সর্বশেষ দুই দফা ৪৮ ঘণ্টার হরতালের কারণে গত এক সপ্তাহে বন্ধ ছিলো দূর পাল্লার গাড়ি। দীর্ঘ দিন পর বাস ছাড়ার সিন্ধান্তে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।




