ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ বলেছেন, এরশাদের নির্দেশেই সব হচ্ছে। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে তারা নির্বাচনে অংশ নিয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা একটি সমস্যাবহুল দুর্যোগের মধ্য দিয়ে এখানে এসে পৌঁছেছি। আমি তো নতুন সংসদ হইনি। আরও তিনবার হয়েছি। জাতীয় পার্টি অনেক পুরনো পার্টি। আমি যেহেতু পার্টির মুখপাত্র না, তাই কথা বলতে চাইনি।’
এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি আছেন। তার শরীর খারাপ থাকায় তিনি সিএমএইচে আছেন। তিনি কিছুটা সুস্থ আছেন। কিছুদিনের মধ্যেই তিনি আমাদের মাঝে চলে আসবেন। তিনি আমাদের সব কাজে উপদেশ উৎসাহ দিচ্ছেন। তার নির্দেশেই সব হচ্ছে।’
বিরোধী দলের উদ্দেশে রওশন এরশাদ বলেন, আন্দোলন-সহিংসতার মাধ্যমে বর্তমান পরিস্থিতির সমাধান হবে না। সংলাপ-সমঝোতার মাধমে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে। বিরোধী দলকে আন্দোলন-সহিংসতা পরিহার করে আলোচনায় বসতে আহ্বান জানান।




