চট্টগ্রাম জেলায় ১৬ লাখ ৩২ হাজার ৪১ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন অফিস। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ লাখ ৩৪ হাজার ৭১ জন এবং কমিউনিটিতে ৪ লাখ ৯৭ হাজার ৯৭০ জন শিশু এ টিকার আওতায় আসবে।
জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রোববার (১২ অক্টোবর) থেকে চট্টগ্রাম জেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এ ক্যাম্পেইন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে প্রচার–প্রচারণা জোরদার করা ও গুজব প্রতিরোধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০ কর্মদিবস শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। এরপর ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৮ কর্মদিবস চলবে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম।
জন্মনিবন্ধন সনদের ১৭-সংখ্যার নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করলে টিকা পাওয়া যাবে। তবে কেউ নিবন্ধন করতে না পারলেও বয়স উপযোগী সব শিশুই টিসিভি টিকা পাবে।
জেলায় মোট ৬ হাজার ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এবং বিভিন্ন কমিউনিটি কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে ৮ অক্টোবর পর্যন্ত ৯ লাখ ৯২ হাজার ৮১ জন শিশু অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে, যা মোট লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ। এর মধ্যে রাউজান উপজেলায় নিবন্ধনের হার সবচেয়ে বেশি, ৭৬ শতাংশ।
শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময়ে ১ ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।




