ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে অবরোধের মধ্যেই ফের সারাদেশে সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। একইসঙ্গে দেশব্যাপী অবরোধও চালিয়ে যাবে তারা।
রোববার সন্ধ্যায় গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক এ ঘোষণা দেন। এসময় বিরোধী দল বিহীন প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিতে সরকারের আহ্বান করেন বিএনপির এই নেতা।এ সময় রোববারের নির্বাচন মৃত সরকারকে হিমাগারে পাঠিয়েছে বলেও দাবি করেন এই বিএনপি নেতা।
বিরোধী জোটের হরতালের মধ্যেই রোববার সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত ১৮ দল এই নির্বাচনে অংশ নেয়নি। বিরোধী জোটের অনুপস্থিতিতে এই নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ভোট প্রতিহত করতে গিয়ে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ২১ জন।
ওসমান ফারুক গুলশানে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে জানান সারাদেশে বিনা উস্কানিতে যৌথবাহিনীর গুলিতে বিরোধী দলের ২১ জন নিহত হয়েছেন। ভোটের দুদিন আগে থেকে ভোটগ্রহণের আগ পর্যন্ত বিভিন্ন এলাকায় শতাধিক ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ হয়।
উল্লেখ্য, নির্বাচন বাতিলের দাবিতে এর আগে দেশব্যাপী পাঁচ দফা অবরোধ কর্মসূচি পালনের পর টানা অবরোধ ঘোষণা কর্মসূচি ঘোষণা করে ১৮ দলীয় জোট। এই টানা অবরোধের মধ্যে গতকাল শনিবার ও আজ রোববার টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করে বিরোধী জোট।




