জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করে প্রসিকিউশনের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ঠ শাখায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। প্রসিকিউটর ফারুক আহাম্মদ সাংবাদিকদের এ তথ্য জানান। এরআগে গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করা, একটি শিশুর মাথায় গুলি লাগা এবং শিশুটির দাদি নিহতের ঘটনায় মামলাটি হয়। মামলার তদন্ত প্রতিবেদন গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনটি যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আজ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল প্রসিকিউশন।




