জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকার গতকাল ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার; কিন্তু এতে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত রয়ে গেছে।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠের উদ্যোগকে স্বাগত জানাই। তবে জুলাই ঘোষণাপত্রটির মধ্যে কিছু বিষয় বাদ রয়ে গেছে, তাই এটা পরিপূর্ণতা পায়নি। ঘোষণাপত্রের আরও পরিপূর্ণতা পাওয়ার জন্য আমরা কিছু বিষয়ে সরকারের কাছে আবেদন করেছিলাম তবে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
এই এনসিপি নেতা বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, মোদি-বিরোধী আন্দোলন ও ভ্যাট কমানোর আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সুনির্দিষ্ট উল্লেখ করা উচিত ছিল বলে আমরা মনে করি।
আখতার হোসেন বলেন, আমরা মনে করি, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ আরও অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু ইতিহাসের এই পরতে আমাদের জাতীয় জীবনে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেছে, সেই বিষয়গুলো উল্লেখ করলে জাতির জন্য আরও গর্বের হতে পারতো। একই সঙ্গে ঘোষণাপত্রের মধ্যদিয়ে আমাদের সংগ্রামগুলোর ঐতিহাসিক স্বীকৃতি আরও সুনির্দিষ্টভাবে অর্জন করতে আমরা সক্ষম হতাম।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, জুডিসিয়াল কিলিং, ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসনবিরোধী আন্দোলন ও মোদিবিরোধী আন্দোলনের কথা এতে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত।




