সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিএনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী ৩ আগস্টের সমাবেশ কেন্দ্রীয় শহিদ মিনারে নয়, শাহবাগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। আজ (বুধবার, ৩০ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাকিবুল ইসলাম বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে কেন্দ্রীয় শহিদ মিনারের পরিবর্তে আমরা আমাদের পূর্বঘোষিত সমাবেশ শাহবাগে স্থানান্তর করেছি।’ এসময় কোনো উস্কানিতে সংঘর্ষে না জড়ানোর অনুরোধ জানান রাকিব।

রাকিব জানান, ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের কর্মসূচি ছাত্রদল আগেই ঘোষণা করেছিল এবং ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন জমা দেয়। ২৬ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কর্মসূচির অনুমতি দেয়। কিন্তু পরে জানা যায়, একই দিনে একই স্থানে জাতীয় নাগরিক পার্টিও সমাবেশের আয়োজন করছে।

তিনি বলেন, নাগরিক পার্টির নেতারা ব্যক্তিগতভাবে বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করে স্থান পরিবর্তনের অনুরোধ জানান এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গেও তারা কথা বলেন।

তিনি বলেন, যথাযথ অনুমতির পর সব প্রস্তুতি শেষ করে কর্মসূচির স্থান পরিবর্তন করা অত্যন্ত কষ্টসাধ্য। তারপরও আমরা একটি সহনশীল ও গণতান্ত্রিক সংগঠন হিসেবে নাগরিক পার্টির অনুরোধ বিবেচনায় নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।

ছাত্রদল সভাপতি আরও বলেন, আমরাই প্রথম এই কর্মসূচি ঘোষণা করেছি এবং অনুমতিও নিয়েছি। তাই শহীদ মিনারে সমাবেশের বৈধ দাবিদার আমরাই। তবুও আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি। তিনি আরও বলেন, আমরা চাইলে শহীদ মিনারেই সমাবেশ করতে পারতাম। কিন্তু আমরা উত্তেজনার পরিবর্তে শান্তির বার্তা দিতে চেয়েছি। আমাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্ররাজনীতিতে সৌহার্দ্য, সহাবস্থান ও উদারতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘ছাত্রলীগ ও আওয়ামীপন্থি শিক্ষকদের বিচারের বিষয়টি উপেক্ষা করে ডাকসু নির্বাচন কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলবে। তবে ছাত্রদল ডাকসু নির্বাচনকে ইতিবাচকভাবেই দেখছে।

এদিকে, ছাত্রদলের এমন সদিচ্ছা ও সহযোগিতায় এনসিপির পক্ষ থেকে বিএনপি এবং ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ