ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সহিংসতা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি উপলক্ষে সব ধরনের সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। শনিবার দুপুর সোয়া ১টায় পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার। সাংবাদিকরা আইজিপিকে বিভিন্ন প্রশ্ন করেন।
নিরাপত্তার স্বার্থে সচেতন জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়ে আইজিপি আরও বলেন, যদি কেউ নাশকতা বা সহিংসতার চেষ্টা করে, তবে পুলিশ আইনগতভাবে যে ক্ষমতা রাখে তার সবটাই প্রয়োগ করবে।
সারাদেশে গণগ্রেফতার সম্পর্কে আইজিপি বলেন, সারাদেশে গণগ্রেফতার হচ্ছে এমন তথ্য সঠিক নয়। প্রতিদিন শুধু ঢাকা মহানগরীতে দেড় থেকে দু’শ অপরাধী গ্রেফতার হচ্ছে। অপরাধ পরিসংখ্যান গবেষণা করা হলে দেখা যাবে পুলিশ নিয়মিত গ্রেফতার করছে। তবে যদি বিরোধী দলীয় নেতার অফিস বা বাসার সামনে থেকে এবং যৌথবাহিনী নিরাপরাধ কাউকে গ্রেফতার করে তা খতিয়ে দেখা হবে।
পুলিশ কোনো যানবাহনে চলাচলে বাধা দিচ্ছে না উল্লেখ্য করে আইজিপি আরও বলেন, পুলিশ প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে আসছে। রাজনৈতিক কোনো কর্মসূচির পক্ষে বিপক্ষে পুলিশের পৃথক কোনো অবস্থান নেই। যানবাহন চালানোর দায়িত্ব মালিক বা চালকের। এখানে পুলিশ বাধা প্রদান করে না বা করছে না।
আইজিপি বলেন, জনগণের জানমালের নিরাপত্তার ভার পুলিশের ওপরেই বর্তায়। সেক্ষেত্রে জননিরাপত্তা বিধানে পুলিশ বদ্ধপরিকর।




