ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকার সদরঘাট টার্মিনালে আজ শনিবার ভোররাত সাড়ে চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী সাতটি লঞ্চ এসেছে। লঞ্চে যাত্রী ছিল কম। এ সময় তল্লাশি চালিয়ে ১০ যাত্রীকে আটক করেছে পুলিশ।
সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম জানান, আগামীকাল রোববার বিরোধী দলের কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় রাজধানীতে আসা লঞ্চযাত্রীদের তল্লাশি চালানো হচ্ছে। এ সময় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। এদিকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা দিয়ে গাবতলী, গাজীপুর, গুলিস্তান রুটে কোনো বাস চলাচল করছে না। পুরান ঢাকায় প্রচুর রিকশা চলছে।




