আগামী দুই বছরে চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস বিমসটেককে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে চান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব নাঈম আলী উপস্থিত ছিলেন।
ড. খলিলুর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সমুদ্রপথে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সবাই উপকৃত হবে।
দুই বছরের জন্য বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস আগামী দুই বছর বিমেসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
গত ৩ এপ্রিল বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যান প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষে ৪ এপ্রিল রাতে দেশে ফেরেন তিনি। ওইদিন রাত ১০টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে।




