শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআগ্নেয়াস্ত্রসহ জনি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সায়েম গ্রেফতার

আগ্নেয়াস্ত্রসহ জনি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সায়েম গ্রেফতার

আগ্নেয়াস্ত্রসহ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোঃ সায়েম (৪৩) কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। সায়েম পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মৃত নুরুল আলমের পুত্র। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুরের নেতৃত্বে পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম নগরীর খুলশী থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার দিবাগত রাত ১টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ইলিয়াছ খার বাড়ি এলাকায় পরিত্যক্ত একটি ঘরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, তার কাছে প্রচুর অস্ত্র রয়েছে। গত ৪ আগস্ট পটিয়ায় মাদ্রাসা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণসহ সমস্ত অস্ত্রসস্ত্র সরবরাহ করেছে, এ সংক্রান্তে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। আজ বুধবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ড আবেদন করা হবে।

তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ভাংচুর, লুটপাট সহ ৫টি মামলা রয়েছে। সর্বশেষ বুধবার দিবাগত রাতে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে জানান পুলিশ।

সায়েম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহবায়ক আবদুল মালেক জনি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি । ২০১৩ সালের ৪ জানুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল মালেক জনি। এরপর টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ১ নম্বর আসামি করা হয় আবু শাদাত মো. সায়েমকে। তার বিরুদ্ধে চাঁদাবাজী, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ