মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএফআইইউ'র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুদক

বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুদক

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সকাল ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, কিছুক্ষণের মধ্যেই বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে দুদকে নিয়ে আসা হবে।

ঢাকার বিভিন্ন জায়গায় মাসুদ বিশ্বাস ও স্ত্রীর নামে জমি ও ফ্ল্যাট রয়েছে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ ও অর্থপাচারের অভিযোগ পাওয়ার পর গত বছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। অভিযোগ তদন্তে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানকে দলনেতা করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাসুদ বিশ্বাস নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়।

এছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নিজ নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ