ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
পাকিস্তান দূতাবাসের সামনে জড়ো হওয়া গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চার থেকে পাঁচজন পুলিশ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় আন্দোলনকারীরা পাকিস্তানি দূতাবাসের ভেতরে জুতা নিক্ষেপ করেন। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে পাকিস্তান দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি শুরু হয়। এদিকে সকাল থেকে পাকিস্তান দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী। গুলশান -২ নম্বর এলাকায়ও একইভাবে নিরাপত্তা নেওয়া হয়েছে।
গুলশান থানার ওসি মো. হাসান জানান, কোনোভাবেই পাক দূতাবাসের কাছে যেতে দেওয়া হবে না গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের। এ জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশী বাধায় গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা গুলশানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকর নিয়ে বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছিল পাকিস্তান। বাংলাদেশও এর কড়া প্রতিবাদ জানায়। এসব ঘটনার জের ধরেই গণজাগরণ মঞ্চ এই কর্মসূচি দিয়েছে।




