মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়পাকিস্তানি হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

পাকিস্তানি হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা ফাঁসির নিন্দা জানিয়ে পাকিস্তানের সংসদে প্রস্তাব পাসের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয়। বিকালে হাইকমিশনার আফ্রাসিয়াব মেহেদী হাশমি কুরাইশি তলবে সাড়া দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ের অভ্যর্থনা কক্ষে প্রায় ২০ মিনিট অপেক্ষার পর তিনি মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক বিভাগের সচিব মোস্তাফা কামালের কক্ষে যান। এ সময় তার হাতে একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি তুলে দেয়া হয়। কুরাইশি এ প্রতিবাদের কথা তার সরকারের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।

গতকাল (সোমবার) পাকিস্তানের জাতীয় পরিষদে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। জামায়াতে ইসলামী পাকিস্তানের সংসদ সদস্য শের আকবর খান এই প্রস্তাব উত্থাপন করেন এবং তাতে সমর্থন জানায় ক্ষমতাসীন দল মুসলিম লীগ। এ ছাড়া, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ছাড়া দেশটির বাকি সব দলের সংসদ সদস্য ওই প্রস্তাবে সমর্থন জানান।

পাকিস্তানের জাতীয় পরিষদের এ কাজের নিন্দা জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি পাক সংসদের নিন্দা প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,  “এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর শামিল। এ প্রস্তাবের জন্য পাকিস্তানের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তাদের উচিত যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তা করা এবং তথ্য সরবরাহ করা।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, “যতই দেশী-বিদেশী ষড়যন্ত্র হোক না কেন, যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে নেয়া হবে। যদি বিচারে সাজা হয়, তবে তা কার্যকর করা হবে। পাকিস্তানের সংসদের নিন্দা প্রস্তাব ও বক্তব্যে প্রমাণ হয়েছে, পাকিস্তান এখনো শোধরায়নি। তারা এখনো একাত্তরের নীতি থেকে সরে আসেনি।

আরও পড়ুন

সর্বশেষ