সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মকর্তা-কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান।

রোববার মহার্ঘ ভাতা ও বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হবে। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে।

এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে কমিটি গঠন করেছে অর্থ বিভাগ। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটি কমিটি ঠিক করবে বলেও জানিয়েছেন মোখলেস উর রহমান। তিনি জানান, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে হয়তো একটা স্লাব করা হবে।

মূল্যস্ফীতি থাকলেও অর্থনৈতিক সংকটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল (বেতন কাঠামো) দেওয়ার পরিকল্পনা নেই সরকারের। এ কারণে মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে একটি পর্যালোচনা কমিটিও গঠন করা হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব।

সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয়। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি। প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে আত্তীকরণ করতে পারবে।

সাধারণত মহার্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয়। তাই এ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না। ফলে তাদের বাড়ি ভাড়াসহ অন্য কোনো ভাতার হেরফের হয় না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, করপোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ১৪ লাখ কর্মচারী কর্মরত। চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তাদের বেতন-ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮১ হাজার ৫৮০ কোটি টাকা। বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই। তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে।

এদিকে, মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। পরিষদের সভাপতি মো. বাদিউল কবির ও ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ বলেন, সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।

আরও পড়ুন

সর্বশেষ