মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......হত্যা, নৈরাজ্য, তাণ্ডব অব্যাহত থাকলে দেখামাত্র গুলি : ড. হাছান মাহমুদ

হত্যা, নৈরাজ্য, তাণ্ডব অব্যাহত থাকলে দেখামাত্র গুলি : ড. হাছান মাহমুদ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যারা মানুষ হত্যা, নৈরাজ্য, অগ্নিসংযোগসহ তাণ্ডব চালাচ্ছে তারা যদি এগুলো বন্ধ না করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দেখামাত্র গুলি করতে বাধ্য হবে।’ রোববার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘হরতালের নামে সারাদেশে মানুষ হত্যার প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীর কোথাও এমন স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হয় না। তারপরও বিরোধী দল বারবার বলছে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হচ্ছে না। তাদের বাঁচাতে হরতাল-অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।’

খালেদা জিয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও যুদ্ধাপরাধীর রায় কার্যকরের পর কোনো প্রতিক্রিয়া জানাননি। এতে জাতি হতাশ হয়েছে।’ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সুযোগ নেই।’

তিনি বলেন , ‘আমরা আলোচনায় বিশ্বাসী, বিরোধী দল যদি তাদের নৈরাজ্য বন্ধ করে সংলাপে বসতে চায়, তাহলে আলোচনা ফলপ্রসূ হবে।’ দেশের জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে দাবি করে তিনি বলেন, ‘রাজধানী ঢাকাসহ সারাদেশের জনগণ বিরোধী দলের হরতাল প্রত্যাখ্যান করেছে।’ পরিবেশবাদীদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘জামায়াত-শিবির হাজার হাজার গাছ কেটেছে, কিন্তু তারা একটি বিবৃতিও দেয়নি। এখন কোথায় তারা?’

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকলীগের সহ-সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু একাডেমির প্রতিষ্ঠাতা সচিব হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, ঢাকা মহানগর জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ