রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনের সড়কে প্রাইভেটকারের ধাক্কায় ৩ জন আহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় গাড়ির মালিককে আটক করা হয়েছে।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, পথচারীরা রাস্তা দিয়ে হাটার সময় হঠাৎ বেপরোয়া গতিতে একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়।
এ বিষয়ে বিমানবন্দর থানা পুলিশ জানায়, মালিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। চাকা ফেটে ব্রেক ফেল হওয়ায় পথচারীদের উপরে গাড়িটি তুলে দেন বলে দাবি করেছে চালক।
ইতোমধ্যে এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ ঘটনায় তিন জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের পা ভেঙে গেছে আর একজন মাথায় সামান্য ব্যথা পেয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রাইভেটকারটি আটক করেছে।




