বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিপ্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন নেতা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন নেতা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন নেতা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।  বৈঠক শেষে বেলা ১২টার দিকে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ

যমুনা থেকে বের হয়ে আসার পর বিএনপির নেতাদেরও প্রশ্ন করা হয়, তাঁদের আলোচনায় রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি ছিল কি না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না সৃষ্টি হয়, সে জন্য তাঁরা খেয়াল রাখতে বলেছেন।

তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে চলমান সংস্কার কাজগুলো দ্রুততর করা এবং জনগণের চলমান সংকটগুলো দ্রুত নিরসন করতে প্রধান উপদেষ্টাকে বলেছি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানা কৌশলে দেশে রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্ট চলছে। আমরা মনে করি, কেউ যেন কোনোভাবে দেশে রাজনৈতিক বা সাংবিধানিক সংকট সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

তিনি বলেন, আমরা যে পরিবর্তন অর্জন করেছি, তা সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার।

নজরুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচাররা যদি কোনো রাজনৈতিক বা সাংবিধানিক সংকট সৃষ্টির অপপ্রয়াস চালায়, তাহলে আমরা গণতন্ত্রকামী, আন্দোলনরত সব রাজনৈতিক দল এবং সংগঠন ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব বলে প্রধান উপদেষ্টাকে বলেছি।
আরও পড়ুন

সর্বশেষ