চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির। তারা সরকারী সাব রেজিস্ট্রি অফিস এবং বেশ কয়েকটি দোকানপাটে আগুন দিয়েছে। ভাংচুর করা হয়েছে আরও কয়েকটি দোকানপাট।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সড়ে ১০টার দিকে উপজেলার বৈলছড়ি বাজারে মিছিল নিয়ে এসে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করে। সেখান থেকে মিছিল নিয়ে তারা পেচুরিয়া হাবিবের দোকান এলাকায় গেলে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। সেখানে কয়েক রাউণ্ড গুলি ছুঁড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
এরপর সেখান থেকে গিয়ে কালীপুরে সাব রেজিস্ট্রি কার্যালয়ে আগুন দেয় তাণ্ডবকারীরা। একইসঙ্গে পাশের সরদার আমিন হাট এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের একটি ফার্মেসিসহ অন্ত:ত ৭-৮টি দোকানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বাঁশখালীতে বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাস্থলে থাকা স্থানীয় সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা বলেন, ‘কালীপুরে স্থানীয় জনতা আগুন নেভানোর চেষ্টা করছে। পুলিশও আছে। বাঁশখালীর বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে পিকেটিং করছে।’




