রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে মারামারির বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।
হাসপাতাল থেকে জানা যায়, আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মশিউর রহমান, আব্দুল্লাহ আল আরিফ, আহনাফ মুশফিক ও আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উসাইদ হোসেন মাহিদসহ মোট ১৪ জন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গভর্নমেন্ট ল্যাবরটরি কলেজের ইয়াসিন আরাফাত নামে এক শিক্ষার্থীও ইটের আঘাতে আহত হয়েছেন।
ঢাকা কলেজের ছাত্রদের অভিযোগ, তাদের আজ নবীনবরণ অনুষ্ঠান ছিল কলেজের হল রুমে। অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সঙ্গে সঙ্গে বিজয় চত্বরের নাঈমের গলি গেটের সামনে পৌঁছালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়।
তাদের অভিযোগ, ঢাকা কলেজের ক্যাম্পাসে প্রবেশ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা করেছেন।শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, পাভেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, এ অভিযোগ পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।




