মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গণজাগরণ মঞ্চ : আনন্দে-স্লোগানে মুখরিত

গণজাগরণ মঞ্চ : আনন্দে-স্লোগানে মুখরিত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের রিভিউ আবেদন খারিজ হওয়ায় উল্লাসে আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে  শাহবাগের গণজাগরণ মঞ্চ। রূপসী বাংলার মোড় থেকে ঘুরে এসেছে একটি আনন্দ মিছিল। আদালতের এই রায়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করছেন অনেকে। এ বিজয় সারা বাংলার মানুষের জয় বলে ঘোষণা দেওয়া হচ্ছে। বহু গণমাধ্যমকর্মী সমবেত হয়েছেন এখানে। পুরো এলাকা নিরাপত্তাবেষ্টনীতে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকেই শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। তাদের এ প্রতিবাদী অবস্থান কাদের মোল্লার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত চলবে। গণজাগরণ মঞ্চের কর্মীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই কাদের মোল্লার ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত রাখে শাহবাগ। মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে ফাঁসির দিন-ক্ষণ ঘোষণার পর গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে আনন্দ মিছিল করে। কিন্তু পরে ফাঁসি কার্যকর স্থগিত হয়ে যাওয়ায় তারা প্রতিবাদী অবস্থানের সিদ্ধান্ত নেন। এর পর থেকেই এ অবস্থান চলছে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সেখানে কর্মীদের সংখ্যা বাড়তে থাকে। রাতে এ সংখ্যা বেড়ে কয়েক শ হয়ে যায়। তবে বৃহস্পতিবার সকালে অবস্থানকারীর সংখ্যা কমতে থাকে। সকালের দিকে পঞ্চাশ জনের মতো কর্মী দেখা গেছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, যতোক্ষণ পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকর না হচ্ছে ততোক্ষণ পর্যন্ত আমরা গণজাগরণ মঞ্চ ছেড়ে যাবো না। কাদের মোল্লার ফাঁসি কার্যকর হলে আমরা গণজাগরণ মঞ্চে মিষ্টি বিতরণ করে ঘরে ফিরবো।

আরও পড়ুন

সর্বশেষ