বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইউসিবি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ

ইউসিবি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ

ইউসিবি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে পাঁচজন করে পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ওই তিন বেসরকারি ব্যাংকের আগের পরিচালনা পর্ষদও বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে পৃথক কপি সংবাদমাধ্যমে পাঠায়। এর আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তিন ব্যাংকের পর্ষদই আজকালের মধ্যে ব্যাংকের দায়িত্ব গ্রহণ করবেন জানা গেছে। এর মাধ্যমে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। ইউসিবি ব্যাংক ছিল সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের নিয়ন্ত্রণে। ইউসিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রীর বাবা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন, ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পক্ষে শেয়ারহোল্ডার পরিচালক শরীফ জহীর, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে শেয়ারহোল্ডার পরিচালক মো. তানভীর খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন (স্বতন্ত্র পরিচালক), অগ্রণী ব্যাংক পিএলসি সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওবায়দুর রহমান, এফসিএ (স্বতন্ত্র পরিচালক)।

ইউনিয়ন ব্যাংক পিএলসিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাবেক ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদ উদ্দীন আহমদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন পর্ষদের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর (স্বতন্ত্র পরিচালক), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম (স্বতন্ত্র পরিচালক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ (স্বতন্ত্র পরিচালক) ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলাম, এফসিএ (স্বতন্ত্র পরিচালক)।

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসিতে নবগঠিত পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেঘনা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মোল্লা (স্বতন্ত্র পরিচালক), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা (স্বতন্ত্র পরিচালক), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজের অধ্যাপক আবু হেনা রেজা হাসান (স্বতন্ত্র পরিচালক) ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মু. মাহমুদ হোসেন, এফসিএ (স্বতন্ত্র পরিচালক)।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের পর্ষদে পরিবর্তন এসেছে। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ নিজেদের উদ্যোগে চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এরই মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দেয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ