ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধান বিরোধীদল- বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের পঞ্চম দিন ও জামায়াতে ইসলামীর ডাকা তৃতীয় দিনের হরতালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, সড়ক অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাতক্ষীরায় দুর্বৃত্তদের হামলায় গতকাল আহত এক আওয়ামী লীগ কর্মী আব্দুল হামিদ এবং রাজধানীর শাহবাগে ২৮ নভেম্বর অগ্নিদগ্ধ ব্যাংক কর্মকর্তা মাসুমা আক্তার মারা গেছেন।
আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সারাদেশের অবরোধের চিত্র তুলে ধরে বলেন,‘৫ম দিনে ১৮ দলীয় জোটে ৭০ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার,৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ৭১৫ জন আর মামলা হয়েছে দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে। এছাড়া, গত কয়েক দিনে দলের প্রায় ৩০ নেতাকর্মীকে গুম করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ‘হত্যার ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এবং একদলীয় প্রহসনের নির্বাচনের প্রতিবাদে হরতালসহ অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বুধবার সন্ধ্যায় দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন তিনি। বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘কাদের মোল্লার রায় কার্যকর করার ‘সরকারি চক্রান্তের’ প্রতিবাদে সোম, মঙ্গল ও বুধবার হরতাল কর্মসূচি পালিত হয়েছে। সরকার যদি তাকে হত্যার যড়যন্ত্র থেকে না সরে আসে তবে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।’
রাজধানীতে ব্যাপক সংঘর্ষ,পুলিশের গাড়িতে আগুন:
জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার চেষ্টার প্রতিবাদে পুরান ঢাকায় সিএমএম কোর্টের সামনে, খিলগাঁও তালতলা, বাড্ডা এবং উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ ৩০ শিবিরকর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ শিবিরকর্মী গুলিবিদ্ধ বলে জানা গেছে। বিক্ষুদ্ধ শিবিরকর্মীরা পুলিশের গাড়িসহ দু টি বাসে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।
চট্টগ্রামে গাড়ি ভাঙচুর:
চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিবিরকর্মীরা। এ সময় ইপিজেড থানা এলাকায় সাত/আটটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে কাঁচ ভাঙচুর করা হয়।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ২০/৩০ জন শিবির কর্মী সড়কের ওপর টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় পতেঙ্গা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পতেঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শিবিরকর্মীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
কক্সবাজারে সংঘর্ষে পুলিশসহ আহত ১০ :
কক্সবাজারে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ-বিজিবির বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়।
সিলেটে পুলিশের গাড়িতে আগুন:
হরতালে সিলেট নগরীতে পুলিশ সদস্যদের বহনকারী দুটি গাড়িতে আগুন দিয়েছে শিবিরের নেতা-কর্মীরা। বুধবার সকাল ৮টার দিকে নগরীর দর্শণদেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিসংযোগের ফলে একটি লেগুনা ও একটি টেম্পো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজশাহী ব্যাংকে আগুন:
রাজশাহীতে ডাচ বাংলা ও মার্কেনটাইল কো-অপারেটিভ ব্যাংক এবং চেম্বার ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রশিবির। একটি মোটরসাইকেলও আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। এ সময় অন্তত ১০টি ভবনে ইটপাটকেল নিক্ষেপ করে ভবনের কাচ ভাঙচুর করে শিবিরকর্মীরা।
নড়াইলে সংঘর্ষ :
বুধবার সকালে নড়াইলে পৌরসভার ডুমুরতলা মোড়ে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে সদর থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেনসহ পুলিশের আট সদস্য ও কয়েকজন অবরোধকারী আহত হন।




