ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি আজ মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কার্যকর করার কথা ছিল। তবে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কাদের মোল্লার ফাঁসি কার্যকরের আদেশ কাল সকাল ১০টা পর্যন্ত স্থগিত করেছেন বলে জানা গেছে।
এর আগে আজ সন্ধ্যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ফাঁসি কার্যকরের কথা জানিয়েছিলেন। পরে রাত আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী জানান, রাত ১২টা ১ মিনিটে সব বিধিবিধান অনুসরণ করে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হবে। এর আগে আজ রাত আটটার দিকে কাদের মোল্লার সঙ্গে দেখা করার জন্য তাঁর পরিবারের সদস্যদের চিঠি দেয় কারা কর্তৃপক্ষ।
৫ ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতে কাদের মোল্লাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর কাদের মোল্লাকে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে গত রোববার মৃত্যু পরোয়ানা জারি করা হয়। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে তাঁর মৃত্যু পরোয়ানা গত রোববার ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
২০১০ সালের ১৩ জুলাই অন্য একটি মামলায় কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ১৪ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তদন্ত শুরু হয় ২১ জুলাই। গত বছরের ২৮ মে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৩ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৫ ফেব্রুয়ারি তাঁকে যাবজ্জীবন সাজার রায় দেন ট্রাইব্যুনাল-২। এরপর আপিলের শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতে আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।




