ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে, সংবিধান, সুপ্রীমকোর্ট রুলস্ এবং জেলকোডের বিধান অবজ্ঞা করে আব্দুল কাদের মোল্লাকে বিচারের নামে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, সরকার সংবিধান, সুপ্রিম কোর্ট রুলস্ ও জেলকোড লংঘন করে দ্রুত আব্দুল কাদের মোল্লাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করেছে। সরকারের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোমবার দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ উপায়ে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। আমরা দেশবাসীকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। আমরা আশা করেছিলাম, সরকার তার ষড়যন্ত্র বাস্তবায়ন করার অপচেষ্টা চালানো থেকে বিরত থাকবে। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ ওয়েব সাইট ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচিত হচ্ছে যে, সরকার দ্রুত আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করতে চায়। এমনকি মঙ্গলবার রাতেও এ রায় কার্যকর হতে পারে মর্মে বিভিন্ন মহলে আলোচনা করা হচ্ছে।




