ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ দলটির নেতাদের গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রোববার বৃহত্তর চট্টগ্রামসহ পটুয়াখালী, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, জয়পুরহাট, শরীয়তপুর ও খাগড়াছড়িতে হরতালের ডাক দিয়েছে ছাত্রদল। চট্টগ্রাম অফিস থেকে জানানো হয়, শনিবার দুপুরে ছাত্রদল চট্টগ্রাম মহানগর উত্তর-দক্ষিণ ও বিশ্ববিদ্যালয় শাখা যৌথভাবে হরতালের ঘোষণা দিয়েছে।
চট্টগ্রাম নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে আজকের (শনিবার) মধ্যে মুক্তি না দিলে রোববার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। পটুয়াখালীর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাকারিয়া হৃদয় জানান, শনিবার দুপুরের দিকে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশ থেকে রোববার পটুয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে জেলা ছাত্রদলের নেতারা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পটুয়াখালী ছাত্রদলের সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মুন্সিগঞ্জের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট কাজী দীপু জানান, শনিবার বিকেলে জেলা ছাত্রদলের এক জরুরি বৈঠক শেষে রোববার মুন্সিগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. জসিমউদ্দিন হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
নোয়াখালীর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহান জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি রোববার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার, আটক, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে সোনাইমুড়ী উপজেলায় হরতালের ডাক দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট অপু দত্ত জানান, শনিবার সকাল ৯টার দিকে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন।
শরীয়তপুরের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট শহিদুজ্জামান খান জানান, শনিবার সকাল ১১টার দিকে শরীয়তপুর জেলার আহ্বায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন।
জয়পুরহাটের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে জেলা যুবদলের লাঠি মিছিল শেষে পাঁচুর মোড়ের এক সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান রোববার জয়পুরহাটে অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছেন।




