বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরাজয়ের ভয়ে নির্বাচনে আসতে চাইছেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার রাজধানীর ধানমণ্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ মন্তব্য করেন তিনি।
মানুষ হত্যা’ বন্ধ করে নির্বাচনে আসার জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উনারা (বিরোধী দল) যদি এতোই জনপ্রিয় হন এবং সিটি করপোরেশন নির্বাচনে জিতে থাকেন, তাহলে নির্বাচনে আসতে ভয় পান কেন? এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, পরাজয়ের ভয়ে তিনি নির্বাচনে আসতে চাইছেন না।
জামায়াতে ইসলামীর প্রতি ‘সহানুভূতি দেখিয়ে’ বিএনপি নির্বাচন বর্জনের সিন্ধান্ত নিয়েছে—মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না জেনে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে বিএনপি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। এছাড়া প্রধান বিরোধী দল বিএনপি যুদ্ধাপরাধীদের স্বার্থ রক্ষার জন্য জনগণের স্বার্থ ও ভোটাধিকার বিঘ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলেও এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।




