স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
মৌসুমের প্রথম হাইভোল্টেজ ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী। দুই বিদেশি রিক্রুট কাস্ট্রো ও মরিসন আবাহনীর পক্ষে গোল ২টি করেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের শীর্ষ দল নির্ধারণী ম্যাচে শুরতেই এগিয়ে যায় আকাশী-নীল শিবির।ম্যাচের ৯ মিনিটের মাথায় তৌহিদুলের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে আবাহনীকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লুইস কাস্ট্রো।চার মিনিট বাদে লিড দ্বিগুন করতে পারতো আবাহনী।তবে মরিসনের প্রচেষ্টা ব্যর্থ করে দেন মোহামেডান গোলরক্ষক মামুন।এরপর প্রথমার্ধে একের পর এক গোল মিসের মহড়া দিয়েছেন মোহামেডানের ফুটবলাররা।ম্যাচের ১৬ মিনিটের মাথায় মোহামেডান ফরোয়ার্ড এমিলির শট দারুণভাবে আটকে দেন আবাহনী গোলরক্ষক সোহেল । এর তিন মিনিট পর সোহেলকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন মোহামেডানের চার্লস।প্রথমার্ধের শেষ মিনিটে আবারো গোল বঞ্চিত হয় মোহামেডান।অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ডি বক্সের ভেতর বল পেয়েও গোল করতে ব্যর্থ হন।বিরতি থেকে ফিরেও গোল মিসের মহড়া অব্যাহত রাখেন এমিলি।দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় জাহিদ হোসানের সাথে তার বোঝাপড়া আলোর মুখ দেখেনি।উল্টো পাঁচ মিনিট বাদে আবারো এগিয়ে যেতে পারতো আবাহনী।তবে মোহামেডান গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ঘানার ফরোয়ার্ড মরিসন।এর ১০ মিনিট বাদে ভক্তদের অবশ্য আর হতাশ করেননি মরিসন।তৌহিদের শট বারে লেগে ফিরে এলে ফিরতি বল পেয়ে গোল করেন তিনি।এরপর ম্যাচে আর গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।




