ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে রাজপথ, নৌপথ অবরোধ। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ঘোষিত তফসিল স্থগিতেরও আহ্বান জানান। ফখরুল ইসলাম বলেন, নির্বাচনের নামে দেশে কোন ধরনের প্রহসন জনগন মেনে নেবে না। এই নির্বাচনে বিএনপি সহ কোন দল অংশগ্রহন করবে না।
এসময় তিনি মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশ যে অবরোধের ডাক দেয়া হয়েছে তাতে সবাইকে সর্বাত্মক অংশগ্রহনের আহবান জানান। নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। অন্যথায় তফসিল ঘোষণার পর দেশ অচল করে দেওয়ার হুমকিও দেয়া হয়েছিল তাদের পক্ষ থেকে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর রাত ৮টার দিকে নিজ কার্যালয়ে ১৮ দলের নেতাদের নিয়ে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে মির্জা ফখরুল নির্বাচনের তফসিল ঘোষণা প্রত্যাখ্যান করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।




