স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের আনুষ্ঠানিক শুনানি শুরু হচ্ছে রবিবার। এরআগে বিপিএলে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু)। আকসুর প্রতিবেদনে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় নয়জন খেলোয়াড় ও কর্মকর্তা এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে অভিযুক্ত করা হয়। বিসিবির ক্রিকেটার ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্নীতিবিরোধী নীতিমালার আওতায় এ অভিযোগগুলো আনা হয়।
অভিযোগগুলোর মধ্যে আছে, বিপিএলের ফ্রাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটর্স দলের ম্যাচ পাতানোর ষড়যন্ত্র, ম্যাচ ফিক্সিং করা এবং ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও যথাযথ কর্তৃপক্ষকে এ সম্পর্কে না জানানো। অভিযোগগুলোর মূল বিষয়ই ছিল ২০১৩ সালের বিপিএলে ঢাকা গ্ল্র্যাডিয়েটর্স দলের ভেতরে ম্যাচ এবং স্পট ফিক্সিংয়ের ষড়যন্ত্র।
অভিযোগ প্রমাণিত হওয়ায় বিসিবির নীতিমালার অনুচ্ছেদ ৬ অনুযায়ী পাঁচ বছর থেকে আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুলকে। ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগ স্বীকার করে জাতির কাছে ক্ষমাও চান সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান।




