ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
কারো উস্কানিতে বিভ্রান্ত না হয়ে পোশাক শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রফতানী উন্নয়ন ব্যুরো আয়োজিত জাতীয় রফতানী ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।
এ সময় পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর জন্য তিনি নিজেই মালিক পক্ষের সাথে বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করছেন বলে উল্লেখ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এ খাতে বিশৃঙ্খলা তৈরি হলে বাংলাদেশে হাত থেকে পোশাক তৈরির কার্যাদেশ অন্যদেশের হাতে চালে যেতে পারে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সরকার দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। ব্যবসায়ীদের ওপর সরকারের কোন হস্তক্ষেপ নেই। ব্যবসায়ীদের রপ্তানিতে সহযোগিতা করতে এক হাজার কোটি টাকার এক্সপোর্ট ডেভলপমেন্ট ফান্ড গঠন করা হয়েছে বলেও জানান তিনি।’ তিনি বলেন, ‘যদি পোশাক কারখানাগুলো বন্দ হয়ে যায়, তাহলে চাকরি হারিয়ে শ্রমিকদের বাড়ি চলে যেতে হবে।’




