এক বছর পর ১০ ডিসেম্বর ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ। বিশ্ব মানবাধিকার দিবসে ওই দিন ঢাকায় সমাবেশ করতে চায় আওয়ামী লীগ ও বিএনপি। বিএনপি নেতারা বলছেন, সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে ক্ষমতাসীন দল। সরকারবিরোধী সব দল ঐক্যবদ্ধ, শিগগিরই শুরু হবে গণআন্দোলন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ। দেশের অন্য জেলার অফিসগুলোও প্রায় জনশূন্য। মনোনয়ন ও দল ভাঙা-গড়ার টেনশন কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি। পেশাজীবী ও কারাবন্দি নেতাকর্মীর স্বজনদের রাস্তায় নামিয়ে প্রকাশ্যে মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে দলটি। কূটনৈতিক যোগাযোগও বাড়িয়েছেন নেতারা।
এমন অবস্থায় আগামী রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকায় সমাবেশ করার পরিকল্পনা করছে বিএনপি ও সমমনা দলগুলো। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও সমাবেশে পেশাজীবী ও নির্যাতিত পরিবারের সদস্যদের রাখার কথা ভাবছে তারা। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও ১০ ডিসেম্বর সমাবেশের ডাক দিয়েছে। বিএনপি নেতারা বলছেন, এবার ২৮ অক্টোবরের মতো আরেকটি সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে চায় সরকার।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বিএনপি এখনো খোলাখোলিভাবে কোনো কর্মসূচি ঘোষণা করেনি। কিন্তু আওয়ামী লীগ আগেই ওই দিন সমাবেশ ডেকে দিয়েছে। দলটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘যারা মানবতাকে প্রতিনিয়ত ধ্বংস করছে, ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে – তারা নাকি আবার মানবাধিকার দিবস পালন করবে! এটা আসলে অদ্ভুত ব্যাপার।
তিনি আরও বলেন, বিএনপিকে কোণঠাসা করার জন্য এখানে রাষ্ট্রকে ব্যবহার করা হচ্ছে। ওই যে দেখুন, শাহজাহান ওমর এবং মির্জা ফখরুল কিন্তু একই মামলায় গ্রেফতার হয়েছিলেন। সেখানে শাহজাহান ওমর বের হলেন। কিন্তু মির্জা ফখরুলের জামিন হয় না।
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, অচিরেই গণতন্ত্রে বিশ্বাস করে এমন সব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য যুদ্ধ করবে। এ যুদ্ধ হবে গণযুদ্ধ।
২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ থেকে সরকারবিরোধী ১০ দফা দাবি তুলে ধরে বিএনপি। ওই বছরের ১২ জুলাই মহাসমাবেশ থেকে সরকার পতনের এক দফা দাবি জানায় দলটি। এরপর থেকে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে বিএনপি ও সমমনা দলগুলো। তবে এ বছর ২৮ অক্টোবরের সমাবেশে সহিংসতার কারণে হোঁচট খায় তাদের আন্দোলন।



