সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতসহ কয়েকটি সমমনা দলের ডাকা তৃতীয় দফার অবরোধ শুরু হয়েছে আজ বুধবার (৮ নভেম্বর) ভোর ছয়টা থেকে। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ছয়টায় দ্বিতীয় দফার অবরোধ শেষ হওয়ার আগেই তৃতীয় দফার ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষণা অনুযায়ী, আজ বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে। তবে একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে সেই মহাসমাবেশ পণ্ড হয় এবং পরদিন ২৯ অক্টোবর হরতালের ডাক দেয় দলটি।
মহাসমাবেশের দিন ২৮ অক্টোবর থেকে হরতাল ও অবরোধ কর্মসূচিতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন সড়কে বাস, ট্রাক, অটোরিকশায় অগ্নিসংযোগ এবং ভাঙচুর করার খবর এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় রোববার ও সোমবার সর্বাত্মক অবরোধ চলার সময়ে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ২১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি লেগুনা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে র্যাব জানিয়েছে, অবরোধের নামে যানবাহনে অগ্নিসংযোগের জড়িতদের ধরতে বাহিনীটি কঠোর নজরদারি করবে। তাদের গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হবে।
বিএনপির দাবি, গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে এবং পরবর্তীতে নয় দিনে ১৩২টি মামলায় তাদের পাঁচ হাজার ৫৫৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।




