চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট এর উদ্যোগে ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে “দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আজীবন সদস্য সম্মাননা-২০২৩” শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান ফেডারেশন এর অনাররি কনসাল স্থপতি আশিক ইমরান এবং আই ই বি এর প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তৃতায় ড. সেলিম শুরুতে এ ধরনের মহতী উদ্যোগের জন্য অনুষ্ঠানের আয়োজক সিপিটি এর নির্বাহী পরিচালক সিরাজুল করিম মানিকসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সিপিটি’র মত অলাভজনক সামাজিক সংগঠনগুলো মূলত “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আমরা সকলেই সকলের তরে, সকলেই আমরা পরের তরে” এই মূলনীতির উপর প্রতিষ্ঠিত। ২৫টি সেলাই মেশিন বিতরণের মাধ্যমে সিপিটি মূলত ২৫টি পরিবারে কমপক্ষে ০১জন করে মোট ২৫জন কর্মক্ষম ব্যক্তিকে ভালভাবে উপার্জন করার সুযোগ সৃষ্ঠি করে দিয়েছে। এই ২৫জন কর্মক্ষম ব্যক্তির পরিবারে কমপক্ষে ০৪জন করে ১০০জন সদস্যের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এর অভাব দূর হয়ে তারা শিক্ষার আলো গ্রহণ করা সুযোগ পাবে এবং নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে সমাজ তথা দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। সিপিটি’র মত সামাজিক সংগঠনগুলোর এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস বা প্রচেষ্ঠা সমাজ থেকে দারিদ্র দূরীকরণে প্রত্যক্ষভাবে সরকারকে সহযোগিতা করে আসছে। এই ধরণের প্রয়াস বা প্রচেষ্ঠায় উপস্থিত সকলকে তিনি শরীক হওয়ার আহবান জানান। তিনি উক্ত অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ও আজীবন সম্মামনাপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানান এবং এই ধরনের সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আনন্দিত বোধ করেন।
অনুষ্ঠানের সভাপতি ও সিপিটি’র চেয়ারম্যান ইসকান্দর আলী চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।




