শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়রিজেন্টের ভাড়া এখন অর্ধেক

রিজেন্টের ভাড়া এখন অর্ধেক

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোনো রুটে এখন ৫০ শতাংশ ছাড় দিচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। আগামী ১০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত রিজেন্টের যেকোনো টিকেট কিনে এ বিশেষ ছাড়ে ২০১৪ সালের যে কোনো সময় ভ্রমণ করা যাবে।

রিজেন্ট এয়ার লাইনসের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব জানান, ছাড়ের পর সব ট্যাক্সসহ ঢাকা-ব্যাংকক-ঢাকা টিকেটের মূল্য হচ্ছে ১২,৯৯৯ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা টিকেট ১৪,৯৯৯ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা টিকেট ৬,৯৯৯ টাকা। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম ৭,৯৯৯ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২১,৯৯৯ টাকা।

আর অভ্যন্তরীণ রুটে ছাড়ের পর একমুখি টিকেটের মূল্য ঢাকা-চট্টগ্রাম ২৪৯৯ টাকা, ঢাকা-কক্সবাজার ২৯৯৯ টাকা, ঢাকা-সিলেট ১৯৯৯ টাকা, ঢাকা-যশোর ১৯৯৯ টাকা। রিটার্ন টিকেটের ক্ষেত্রেও একই মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে ড্যাশ-৮-কিউ ৩০০ নামের দু’টি উড়োজাহাজ নিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে রিজেন্ট এয়ারওয়েজ। এর দু’বছর পর দুইটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে আন্তর্জাতিক রুট চালু করে সংস্থাটি।

এরই মধ্যে বিমানযাত্রার ক্ষেত্রে যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাতায়াতের দৃষ্টান্ত স্থাপন করায় গ্রাহকসহ সংশ্লিষ্টদের কাছে নির্ভরতার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে রিজেন্ট এয়ারওয়েজ।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে রিজেন্ট এয়ারওয়েজ অভ্যন্তরীণ পাঁচটি এবং আন্তর্জাতিক তিনটি রুটে ফ্লাইট পরিচালনা করছে। আগামী ১৮ নভেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা এবং ১৪ ডিসেম্বর ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট চালু করবে রিজেন্ট।

বর্ষপূর্তিতে যাত্রী, কর্পোরেট গ্রাহক, ট্রাভেল এজেণ্টসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রিজেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবিব।

আরও পড়ুন

সর্বশেষ