ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি অন্তবর্তী সরকারের কখনোই যোগ দেবে না। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, মন্ত্রীদের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী সরকারের বৈধতা থাকে না। স্বাধীনতার পর এতো দুর্যোগময়, অগ্নিগর্ভ পরিস্থিতি দেশে আসেনি। গ্রামেগঞ্জে যেভাবে মানুষ নেমে পড়েছে তাতে মনে হচ্ছে পরিস্থিতি খুবই খারাপ। সরকার যা করছে তাতে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না। গণতন্ত্র চর্চার নামে গণতন্ত্রের কবর রচনার চেষ্টা চলছে।
তিনি বলেন, বর্তমানে কারো জীবনে নিরাপত্তা নেই। ঘরে বাইরে একই অবস্থা। বিরোধীদলীয় নেতা একটি নির্দলীয় সরকারের ফর্মুলা দিয়েছেন। প্রধানমন্ত্রীও সর্বদলীয় সরকারের ফর্মুলা দিয়েছেন। সর্বদলীয় সরকার সংবিধানে নেই।
এরশাদ বলেন, দেশের গণতন্ত্র বিপন্নের পথে। কঠিন সময় পার করছে দেশের মানুষ। দুই পক্ষই অনড়। সংঘাত অনিবার্য হয়ে উঠেছে। আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষমতায় এসেছে। কিন্তু গণতন্ত্র যে কি অবস্থায় রয়েছে মানুষ তা হারে হারে টের পাচ্ছে। আমার শাসনামলে পুলিশের গুলিতে দুজন মারা গিয়েছিল। সেটা নিয়ে কি লঙ্কাকাণ্ড করেছে বিরোধী দলগুলো। নূর হোসেন কার গুলিতে মারা গেছে তা আজো পরিষ্কার নয়। অথচ তা নিয়ে মায়াকান্না এখনো চলছে। অথচ এখন হরহামেশাই মানুষ মারা যাচ্ছে।
তিনি বলেন, জাতীয় পার্টি শতকরা ৯৯ ভাগ নেতাকর্মী চায় আমি মহাজোট থেকে বেরিয়ে আসি। আমি বেরিয়ে এসে এককভাবে নির্বাচন করব। তবে বিএনপি নির্বাচনে না এলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমরা পাতানো নির্বাচনে যাব না।
এরশাদ বলেন, আওয়ামী লীগকে না করে দিয়েছি। দেশের জনগণের বাইরে কখনো ছিলাম না, শেষ বয়সে জনগণের আশা-আকাঙক্ষার বাইরে যাব না।




