ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারসহ পৃথক কারণে দেশের ৬ জেলায় শনিবার হরতাল ডেকেছে বিএনপি। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-
পাবনা: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করার প্রতিবাদে পাবনায় আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল থেকে শান্তিপূর্নভাবে হরতাল চলছে। সকাল পৌনে ৮টার দিকে হরতালের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপির নেতাকর্মীরা।
অপরদিকে সকাল ৮টার দিকে শহরের মুজাহিদ ক্লাব এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। জেলার বাইরে কয়েকটি উপজেলা সদরে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া এর বাইরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।প্রসঙ্গত, শিমুল বিশ্বাস পাবনা জেলা বিএনপির এক নম্বর সদস্য। শুক্রবার দিবাগত রাত একটার দিকে বিএনপি
ভোলা: খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ঘেরাও ও বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যকে আটক করার প্রতিবাদে ভোলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ভোলা জেলা বিএনপি। শুক্রবার রাত ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, শুধু জেলা সদরে এ হরতাল পালিত হবে।
কুমিল্লা: শনিবার কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-২ আসনের (হোমনা-তিতাস) সংসদ সদস্য এম কে আনোয়ারকে আটকের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
শুক্রবার রাত সোয়া ১০টায় হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এম কে আনোয়ারকে আটক করেছে ঢাকায় গোয়েন্দা পুলিশ। এর প্রতিবাদে আমরা উপজেলায় হরতাল ডেকেছি। তবে জেএসসি ও জেডিসি পরীক্ষা এ হরতালের আওতামুক্ত থাকবে। অপরদিকে, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ রাত ১১টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নোয়াখালী: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদসহ দলের শীর্ষ নেতাদের আটকের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর পূর্বাঞ্চলে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল টাইয়ারে আগুন, সড়ক অবরোধসহ বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে।
হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় জেলা জাসাসার সভাপতি সাংবাদিক লিয়কত আলী খান ও বিএনপির নেতাকে আটক করেছে সুধারাম থানা পুলিশ।শনিবার ভোর থেকে মওদুদের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর পূর্বাঞ্চলের সড়কে রিক্সা, বাইসাইকেল ছাড়া ভারি কোন যানবাহন চলাচল করছে না। বাজারগুলোর অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।
সকালে সোনাপুর-কবিরহাট সড়ক, কবিরহাট-বসুরহাট সড়ক, কালামুন্সি-কবিরহাট সড়ক, বসুরহাট-দাগনভূঞা সড়ক সহ বিভিন্ন সড়কে টায়ারে আগুন ও গাছের গুড়ি পেলে সড়ক অবরোধ করে পিকেটাররা।
এদিকে, শুক্রবার রাতে মওদুদ আহমেদের আটকের পর জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের সরকার দিঘী এলাকায় মামুন নামে এক যুুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপির নেতা কর্মীরা। গুরুত্বর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ফেনী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও কোম্পানীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড করালিয়া কাউন্সিলর আবুল খায়েরের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে বিএনপির নেতা কর্মীরা। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার আটককের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান ঢাকাটাইমসকে জানান, মামুন নামে একজনকে কুপিয়ে জখম করেছে শুনেছি। থানায় এখনো কোন অভিযোগ আসেনি।
ফেনী: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুকে আটক করার প্রতিবাদে তার নিজ উপজেলা ফেনীর দাগনভুঞায় শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।
খাগড়াছড়ি: ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া ভাস্কর্যে ফুল দিতে গেলে জেলা বিএনপির নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এর প্রতিবাদে শনিবার জেলায় আধা বেলা হরতালের ডাক দেয় জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জেলা বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ কর্মসূচি পালনে বাধা দেয়।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু ও ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।



