সিদ্দিকবাজারের বিস্ফোরণে দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় মো. মুসা হায়দার (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় এখনও মেহেদী হাসান স্বপন নামে একজন নিখোঁজ রয়েছেন। বুধবার (৮ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুসা মারা যান। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মো. জামানের ছেলে তিনি।
বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মুসা হায়দারের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল, এছাড়া ইন্টারনাল ইনজুরিও ছিল। তিনি বার্ন ইনস্টিটিউটের ব্লু ইউনিটের ৬০২ নম্বর ওয়ার্ডে ৬ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন।
গত ৭ মার্চ বিকালের দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।




