একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় ময়মনসিংহের ত্রিশালের ছয় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- মো. মোখলেসুর রহমান মুকুল, মো. সাইদুল রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, মো. সুলতান মাহমুদ ফকির এবং নাকিব হোসেন আদিল সরকার।
সোমবার (২৩ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। আদালতে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল।
মামলাটিতে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় ২০২০ সালের ৫ জানুয়ারি। মোট সাক্ষ্য দেন ১৯ জন। ২০২২ সালের ৫ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্ক শেষ হলে মামলাটি যে কোনোদিন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।




