বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপাঁচতারকায় গণশুনানি বিটিআরসির । ২৯ কর্তা যাবেন বিমানে

পাঁচতারকায় গণশুনানি বিটিআরসির । ২৯ কর্তা যাবেন বিমানে

 চট্টগ্রামে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৫০০ গ্রাহক। তবে সেই গণশুনানিকে কেন্দ্র করে কর্মকর্তাদের বিশাল বহর যাচ্ছে সেখানে। সাধারণ মানুষের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হলেও এর আয়োজন পাঁচতারকা হোটেলে। ৫৩ জন কর্মকর্তার ২৯ জন ঊর্ধ্বতন যাবেন বিমানে। এসব কর্মকর্তা চট্টগ্রাম ভ্রমণকালীন সময়ে যাতায়াত ভাড়া, দৈনিক ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য ভাতাও পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিভিন্ন সময়ে দেশের মানুষকে কৃচ্ছ্র সাধনের কথা বলে আসছেন, ঠিক সেই সময়ে গণশুনানিকে কেন্দ্র করে বিটিআরসির কর্মকর্তাদের এমন ভ্রমণবিলাস নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটির কর্মকর্তারাই।

গ্রাহকদের নানা অভিযোগ, মতামত এবং পরামর্শ গ্রহণের জন্য বিভিন্ন সময়ে গণশুনানির আয়োজন করে বিটিআরসি। বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ এর ধারা ৮৭(১) অনুযায়ী জনস্বার্থে গণশুনানি আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

বিভিন্ন সময়ে এ ধরনের গণশুনানিতে মোবাইল ফোন অপারেটরদের সেবার মান বিশেষ করে কল ড্রপ, ভয়েস কল ও ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজ ও মূল্য সম্পর্কে জনগণের সরাসরি মতামত নেওয়া হয়।

বৃহস্পতিবার চট্টগ্রামে গণশুনানি অনুষ্ঠিত হবে। বিটিআরসির এক অফিস আদেশে দেখা যায় ৫৩ জন কর্মকর্তাকে এ গণশুনানিতে অংশ নেওয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার অনুমতি দেওয়া হয়। এতে স্বাক্ষর রয়েছে সংস্থাটির পরিচালক আফতাব মো. রাশেদুল ওয়াদুদের।

বিটিআরসির এ গণশুনানি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের পাঁচতারকা হোটেলে। যদিও সাধারণ মানুষের মোবাইল ফোন অপারেটরদের নিয়ে সমস্যা ও মতামত শোনার জন্য এ ধরনের গণশুনানির আয়োজন করা হয়। তবে পাঁচতারকা হোটেলে এমন আয়োজন নিয়ে কর্মকর্তারাই বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, পাঁচতারকা হোটেলের গণশুনানিকে সাধারণ মানুষের অংশগ্রহণ তেমন হবে না।

সূত্রমতে, গণশুনানিতে অংশগ্রহণ করবে ৫০০ গ্রাহক। ইতোমধ্যে গ্রাহকরা রেজিস্ট্রেশন করেছেন। সংস্থাটির ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তারা যাবেন বিমানে। এর বাইরে সিনিয়র সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক এবং আরও কয়েকজন কর্মকর্তা যাবেন নানা বাহনে।

উপপরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বলেন, ‘মানুষকে আমরা যে টেলিকম সেবা দিচ্ছি, মানুষ সেবা পাচ্ছে। গণশুনানিতে আমরা মানুষের অভিযোগগুলো শুনি। গ্রাহকরা আসলে কোথায় সমস্যায় পড়ে সেটা সমাধানের চেষ্টা করি।’

বিটিআরসির মহাপরিচালক (এসএস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেন, ‘এটা দীর্ঘ পদ্ধতি। পেপারে বিজ্ঞপ্তি দিই। এরপর গ্রাহকরা রেজিস্ট্রেশন করেন। আমরা ৫০০ মানুষকে নিয়ে গণশুনানির আয়োজন করেছি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘অনুষ্ঠানের আয়োজন করছে বিটিআরসি। এটার সবকিছু দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের।

আরও পড়ুন

সর্বশেষ