ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সেনাবাহিনী মোতায়েন চেয়ে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন আবেদন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শাহনেওয়াজ বলেন, ‘নির্বাচনের ভোট কেন্দ্রের বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিমাণ সদস্য আছে তা দিয়ে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েন চেয়ে রাষ্ট্রপতির কাছে বিশেষ বিবেচনায় আবেদন করবে নির্বাচন কমিশন’।
আরপিওতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী নেই উল্লেখ করলে তিনি বলেন, ‘আরপিওতে নেই, তবে পরিস্থিতি বিবেচনায় আমরা রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাব। গত নির্বাচনগুলোতে সেনাবাহিনী সহযোগিতা করেছে। তাই এবারও আমরা তাদের সহযোগিতা চাইব’।
নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, ‘আমরা নির্বাচন করার জন্য প্রস্তুত। গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা করার প্রয়োজন হবে সেই ব্যবস্থাই নেয়া হবে। আশা করছি সব দল নির্বাচনে অংশ নিবে। সংবিধান অনুযায়ী আইনকে অবহেলা করা সম্ভব নয়। তাই যথাসময়ে নির্বাচন হবে’।
রাজনৈতিক দলগুলোর সমঝোতার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘ সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। তবে সমঝোতা না হলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারণ সংবিধানে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।’।
নির্বাচনের তফসিলের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনের ৪০ থেকে ৫০ দিন হাতে রেখেই তফসিল ঘোষণা করা হবে। আমরা অতি শিগগিরই কমিশন সভায় তফসিল নিয়ে বসব।’
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে হতে হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বে ১৮ দল।




