আজ ২ ডিসেম্বর, শুক্রবার রাজধানীর বিদ্যুৎ ভবনস্থ কনফারেন্স কক্ষে বিএইচবিএফসি ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২২’অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)’র সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, পর্ষদের সকল পরিচালক এবং এফআইডি’র ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, মহাব্যবস্থাপকবৃন্দ সম্মেলনে উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্ব ও সেশন পরিচালনা করেন। বিএইচবিএফসি’র মাঠ পর্যায়ের সকল অফিসের অফিস প্রধানদের অংশগ্রহণে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। এবছর সর্বমোট ৮৭টি মাঠ কার্যালয়ের ব্যবস্থাপকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়াও, সদর দফতরের সহকারী মহাব্যবস্থাপক ও তদুর্ধ্ব কর্মকর্তাবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।
বক্তব্যে এফআইডি সচিব গৃহায়ণের ক্ষেত্রে সরকারিভাবে ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে বিএইচবিএফসি’র কর্মপরিধি বিষয়ে আলোচনার সূত্রপাত করে নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার আহবান জানান। এক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রত্যেককে সততা, দক্ষতা, প্রতিষ্ঠানের প্রতি ভালবাসা এবং প্রত্যয়ের সমাহার ঘটিয়ে নিজেকে প্রতিষ্ঠান তথা দেশের জন্য সম্পদে পরিণত করারও আহবান জানান। তিনি বিএইচবিএফসি’র সেবা সহজ ও সময় সাশ্রয়ীকরণের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সর্বস্তরের মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া এবং সাধারণের চাহিদা পূরণের তাগিদ পুর্নব্যক্ত করেন।




